সাংবাদিক মিঠু’র উপর ছিনতাইকারীদের হামলা : এসএমএস মিডিয়ার প্রতিবাদ
সময় সিলেট ডেস্ক

সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক একাত্তরের কথা’র স্টাফ ফটো সাংবাদিক মিঠু দাস জয়ের উপর হামলা চালিয়েছে মাদকসেবী ও ছিনতাইকারীরা। বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। হামলার পর আহত সাংবাদিক মিঠুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে— দীর্ঘদিন ধরে নগরীর বন্দরবাজার এলাকার মহাজনপট্টি, কাষ্টঘর এলাকায় মাদক ব্যবসা পরিচালনা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে একটি অপরাধীচক্র। এই এলাকায় বসে মাদক সেবনের আড্ডা। এই চক্রের সদস্যরা কাষ্টঘর, মহাজনপট্টি, রংমহল টাওয়ারের আশেপাশের এলাকায় ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করে আসছেন। এই চক্রের উৎপাতে বিরক্ত রংমহল টাওয়ারের ব্যবসায়ীরাও।
এ নিয়ে মিঠু দাস জয়ের তোলা ছবিতে দৈনিক একাত্তরের কথা’য় একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয় মাদক ব্যবসায়ী সিণ্ডিকেটের হোতারা।
বুধবার সন্ধ্যা ৭টায় রংমহল টাওয়ারে কর্মস্থলে যাওয়ার পথে মার্কেটের আন্ডারগ্রাউন্ডে মিঠু দাসের উপর হামলা করে তারা। এতে গুরুতর আহত হন মিঠু দাস জয়। সাংবাদিক মিঠুর চিৎকারে টাওয়ারের ব্যবসায়ীরা ছুটে যান। খবর পেয়ে সাংবাদিকরাও ঘটনাস্থলে উপস্থিত হন। আহত অবস্থায় মিঠুকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে রংমহল টাওয়ারের নিচে আসে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাংবাদিক মিঠুর সহকর্মীরা।
এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন— এসএমএস মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তসাপেক্ষে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন।




