বিদেশী কর্মীর আবাসন নিশ্চিতে কাজ করছে মালয়েশিয়া
সময় সিলেট ডেস্ক

বিদেশী কর্মীদের আবাসন নিশ্চিতে কাজ করছে মালয়েশিয়া। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অপারেশন ব্যান্ডেরাস নামে মাঠে চলছে অভিযান।
বৃহস্পতিবার মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) ডেপুটি মহাপরিচালক (অপারেশন) তুয়ান হাজী মো. আসরি বিন আবদ ওয়াহাব এর নেতৃত্বে মালয়েশিয়ার রয়্যাল পুলিশ (পিডিআরএম), স্বরাষ্ট্র বাণিজ্য ও বিষয়ক মন্ত্রণালয় ভোক্তা বিষয়ক (কেপিডিএনএইচইপি) কর্মচারী সঞ্চয় গোষ্ঠী (কেডব্লিউএসপি), শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সংস্থা (পারকেসু) নিরাপত্তা বিভাগ এবং পেশাগত স্বাস্থ্য (জেকেকেপি), লাবুয়ান ফেডারেল টেরিটরি সহ সমগ্র উপদ্বীপ মালয়েশিয়া জুড়ে একযোগে পরিচালিত হয়েছে ব্যান্ডেরাসের অভিযান।
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে— মালয়েশিয়ায় বিদেশী কর্মীর আবাসনের ব্যবস্থা করবে নিয়োগকর্তা। মালয়েশিয়ার মিনিমাম স্ট্যান্ডার্ড অব হাউজিং অ্যান্ড এমেনিটিজ আইন অনুযায়ী নিয়োগকর্তা বা কোম্পানি এটি বাস্তবায়ন করবে। গত বছর ডিসেম্বরে স্বাক্ষরিত বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সমঝোতা স্মারক অনুযায়ী কর্মীর স্ট্যান্ডার্ড আবাসনের ব্যবস্থা করবে নিয়োগকর্তা। আইনানুযায়ী কর্মীর জন্য এমন ভবনে আবাসনের ব্যবস্থা করতে হবে যেখানে পানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন, খেলাধুলা ও বিনোদনের জায়গা, নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা, হাসপাতালে স্থানান্তর সুবিধা থাকবে। এসব দেখাশোনার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবে।
এছাড়া ২০২০ সালের ১ সেপ্টেম্বর এক নীতিতে বলা হয়— লাইট ও ফ্যানসহ কর্মীদের বিশ্রামের জন্য জায়গা রাখতে হবে। খাবার খাওয়ার জায়গায় চেয়ার-টেবিল, লাইট-ফ্যানের ব্যবস্থা থাকবে; রান্নাঘর ও কাপড় শুকানোর জায়গা রাখতে হবে; প্রাথমিক চিকিৎসার কিট ও ডাস্টবিন থাকতে হবে।
একজন কর্মীর আবাসনের জন্য নিয়োগকর্তা সর্বনিম্ন যে সুবিধা দেবে সেগুলো হলো— একটি সিঙ্গেল বেড, যা আকারে ১.৭ বর্গমিটারের কম হবে না। যদি ডবল ডেক বেড হয় তাহলে দুই বেডের মধ্যে ফাঁকা জায়গা ০.৭ মিটারের কম হবে না। চার ইঞ্চি পুরত্বের ম্যাট্রেস, একটি বালিশ ও একটি কম্বল দেবে।
নিয়োগকর্তা একজন কর্মীকে একটি লকার দেবে, যেখানে তিনি ব্যক্তিগত মূল্যবান জিনিস রাখতে পারবেন। নিয়োগকর্তা নিজে আবাসন নিশ্চিত করতে পারেন কিংবা চুক্তির মাধ্যমে অন্য কোনো ব্যবস্থাপনায় নিশ্চিত করবে, তবে অবশ্যই বিধি অনুযায়ী কর্মীর সব সুবিধা নিশ্চিত করতে হবে।
বিদেশী কর্মীর আবাসন নিশ্চিতে এসব সুবিধা না দিতে পারলে নিয়োগকর্তা বা কোম্পানিকে প্রতিটি অপরাধের জন্য ৫০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা দিতে হবে। একই অপরাধ পুনরায় সংঘটিত হলে প্রতিদিন এক হাজার রিঙ্গিত করে জরিমানা হবে।




