সিলেটে সাংবাদিক মারুফকে অপহরণ চেষ্টা : গণমাধ্যমকর্মীদের ক্ষোভ
বিশেষ সংবাদদাতা

অপহরণকারীদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাংবাদিক মারুফ আহমদ। সিলেট নগরীর জিন্দাবাজারস্ত ব্লু-ওয়াটার শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে তিন যুবক তাকে অপহরণ চেষ্টা চালায়। ঘটনার আকস্মিকতায় সিলেটের গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে— সোমবার (২১ মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার ব্লু-ওয়াটারের আন্ডারগ্রাউন্ড থেকে তিন যুবক তাকে অপহরণ চেষ্টা চালালে লোকজন এসে তাকে উদ্ধার করেন। এ সময় ওই তিন যুবক সাংবাদিক মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
অপহরণকারীদের হামলায় আহত সাংবাদিক মারুফ আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সাংবাদিক মারুফ জানান— ‘ব্লু-ওয়াটারের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল পার্কিং করে নিজ অফিসের লিফট-এর দিকে এগুতেই ৩ যুবক তার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা তার উপর ঝাপিয়ে পড়ে। তাকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে অপহরণকারীরা তার মানিব্যাগ, নগদ ৯৭ হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে পালিয়ে যায়।
মারুফ বলেন— ‘লোকজন আমাকে রক্ষা করতে এগিয়ে আসতেই ওই তিন যুবক আমার সবকিছু নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা আমাকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।’
হামলার পুরো ঘটনা ব্লু-ওয়াটার মার্কেটের সিসি ক্যামেরায় রেকর্ড আছে বলে জানা গেছে।
এ ঘটনায় তাৎক্ষণিক জরুরি সভা ডেকে ইলেকট্রনিকস মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) পক্ষ থেকে নিন্দা জানানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তিরও দাবি তুলেন সংগঠনের নেতৃবৃন্দ।
হামলার ঘটনায় মারুফ আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ইলেকট্রনিকস মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সিলেটের সিনিয়র সহ-সভাপতি দিগেন সিংহ।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন— ‘হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিক মারুফ আহমদ বেসরকারি টেলিভিশন এনটিভি’র নিজস্ব প্রতিবেদক, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এবং ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।




