দেশের ৫ বিভাগে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
সময় সিলেট ডেস্ক

দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (২৬ মার্চ) আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে— দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর সূত্রে আরও জানা যায়— আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। চট্টগ্রামে সর্বোচ্চ ৩২.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.০০ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.০০ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.০০ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৩.০০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়— পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।




