কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক সিলেটীসহ ৩ বাংলাদেশী তরুণের মৃত্যু হয়েছে। তারা তিনজনই শিক্ষার্থী ছিলেন। গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন একজন।
মৃত শিক্ষার্থীরা হলেন— সিলেটের প্রবাসী ইকবাল আহমদের ছেলে সাফওয়ান আহমেদ (২১), চট্টগ্রামের মো. নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)। সাফওয়ানের বড় ভাই মারওয়ান কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।
জানা যায়— শনিবার ৪ বন্ধু একসাথে একটি প্রাইভেট গাড়ীতে করে বেড়াতে গিয়েছিলেন। পথে তাদের গাড়ীর চাকা নষ্ট হয়ে যায়। একটি হাইওয়ের পাশে ইমার্জেন্সি লাইট দিয়ে গাড়ির চাকা বদলানোতে ৩ জন ব্যস্ত ছিলেন। অপরজন অন্য গাড়িদের সিগন্যাল দেয়ার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় একটি ল্যান্ডক্রুসার গাড়ি নিয়ন্ত্রণে হারিয়ে তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন বাকি দু’জন। প্রাণ হারান ল্যান্ডক্রুসারের চালকও। অলৌকিকভাবে বেঁচে যান সিগন্যালের কাজে নিয়োজিত থাকা নাগিবুল।
নিহত তরুণরা তাদের পরিবারের সাথে কাতারে বসবাস করতো। তিনজনই কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে। জয় কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজ থেকে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে। বাকিরা কাতারস্থ ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে।
উল্লেখ্য, সিলেটর প্রবাসী ইকবাল আহমদের ছেলে সাফওয়ানের বড় ভাই মারওয়ান কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। মর্মান্তিক এ ঘটনার পর কাতারে প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




