ছড়ারপারে সংঘর্ষে কামরানের বাসায় হামলা : পুলিশ এ্যাসল্ট মামলা
নগর সংবাদদাতা

সিলেট নগরীর ছড়ারপার ও মাছিমপুর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে এই মামলা করে। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. আলী মাহমুদ।
তিনি জানান— এ ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। এখন পর্যন্ত দুপক্ষের কেউ মামলা দায়ের করেননি। তবে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কেউ আটক হয়নি।
এর আগে বুধবার রাত পৌনে ৮টার দিকে নগরীর ছড়ারপার ও মাছিপুরবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবন।
জানা যায়— মঙ্গলবার মোটরসাইকেল চালানো নিয়ে ছড়ারপাড় ও মাছিমপুরের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়। এর জের ধরে বুধবার রাত পৌনে ৮টার দিকে মাছিমপুরের একদল সন্ত্রাসী ছড়ারপাড়ে এসে হামলা চালায়। এ সময় তারা সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার জানালা ও সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। এছাড়া মাছিমপুরের লোকজনের নিক্ষেপ করা ইটপাটকেলে ছড়ারপাড়ের কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
তবে, অন্য একটি সূত্র জানিয়েছে— রাস্তার জায়গা নিয়ে কয়েকদিন ধরে ছড়ারপাড় ও মাছিমপুরের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে মঙ্গলবার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের উপস্থিতিতে বৈঠক হয়। কিন্তু বৈঠকে কোন সমাধান হয়নি। এর জের ধরে বুধবার উভয় পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।




