দেশের ৬ শতাধিক মানুষের মধ্যে আরডিএফ’র রামাদান ফুড প্যাক বিতরণ
সময় সিলেট ডেস্ক

সিলেট জেলার প্রান্তিক জনপদ জৈন্তাপুরে এবং বাংলাদেশের সবচেয়ে দরিদ্রপীড়িত এলাকা কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধাত বিভিন্ন অঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন আরডিএফ গ্লোবাল (রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) এর উদ্যোগে রামাদান ফুড প্যাক বিতরণ করা হচ্ছে।
৬ শতাধিক পরিবারের মধ্যে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাক প্রদানের এই কার্যক্রম শুরু হয়েছে শনিবার (৯ এপ্রিল) জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্সে ২০০ মানুষের হাতে খাবারের বক্স তুলে দেয়ার মধ্য দিয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ ও ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় তৈরিকৃত তালিকা অনুযায়ী গরীব লোকজনের মধ্যে রামাদান ফুড প্যাক বিতরণ করা হয়।

এই বিতরণ কার্যক্রম শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন— আরডিএফ গ্লোবাল এর প্রধান নির্বাহী জুবের চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বাশিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, আরডিএফ গ্লোবাল এর জুনেদ চৌধুরী ও সাংবাদিক মাহবুব রহমান, ব্যাংকার সাইফুল ইসলাম এবং আরডিএফ বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক জুহের আহমেদ চৌধুরী।
বাংলাদেশ ব্যাপি এই রামাদান ফূড প্যাক বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা আল খায়ের ফাউন্ডেশন।
কুড়িগ্রাম, লালমনিরহাটের বিভিন্ন এলাকায় এই ফূড প্যাক বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য আরডিএফ এর সিইও জুবের চৌধুরীর নেতৃত্বে একটি টিম শনিবার বিকালেই সিলেট ত্যাগ করে।




