জাফলংয়ে ডাউকি নদী থেকে ভারতীয় যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার

সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলার জাফলং ডাউকি নদী থেকে ভারতীয় এক নাগরিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে নদীর বল্লাঘাট এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মৃত ব্যক্তি ভারতের মেঘালয় রাজ্যের লংকেরেট এলাকার এসলোং রাংয়ের ছেলে লেস্টারসন পথাও (৩৫)। তিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মোড়ল জানান— গত ১৪ এপ্রিল সড়ক দুর্ঘটনায় পানিতে তলিয়ে নিখোঁজ হন লেস্টারসন পথাও। লাশের পরিচয় নিশ্চিত করেছেন তার বড় ভাই তিদার পাথাও। আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে মরদেহটি ভারতীয় পুলিশ এবং বিএসএফ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
গোয়াইনঘাট থানা পুলিশ জানায়— জাফলংয়ের বল্লাঘাটে ডাউকি নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন গোয়াইনঘাট থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে বিজিবির সহায়তায় ভারতের ইস্ট জৈন্তা হিলসের ডাউকি থানা-পুলিশ এবং বিএসএফ সদস্যদের কাছে তা হস্তান্তর করা হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে টুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ মো. রতন শেখ, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মোড়ল, ফায়ার সার্ভিস জৈন্তাপুরের ইনচার্জ বায়েজিদ বোস্তামি, বিজিবির সংগ্রাম সীমান্ত ফাড়ির ক্যাম্প কমান্ডার হাবিলদার আকমল হোসেন, ভারতের পক্ষে ইস্ট জৈন্তা হিলসের ডাউকি থানা পুলিশের কর্মকর্তা উইলফ্রেড জালা, বিএসএফের ডাউকি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রাজ কুমার, ভারতীয় ফায়ার সার্ভিস ও রেসকিউ টিমের ইনচার্জ আর এল ডানলাসহ উভয় দেশের স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।




