ছাত্রীকে অশ্লীল ছবি পাঠানোয় তিনজনের জেল-জরিমানা
সময় সিলেট ডেস্ক

হোয়াটসঅ্যাপে একাদশ শ্রেণির এক ছাত্রীকে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানোর দায়ে বগুড়ার তিন যুবককে ৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের আট লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আলাদা দুটি ধারায় তিনজনকে এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- শুভাশীষ রায় কনক, শিহাবুর রহমান ওরফে শিহাব এবং আরিফুল ইসলাম আলিফ। সবার বাড়ি বগুড়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান— ২০১৯ সালের ৩ আগস্ট বগুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানো হয়। তখন মেয়েটিকে দেখা করতে বলা হয় এবং অশ্লীল প্রস্তাবও দেওয়া হয়। এছাড়া পরে মেয়েটির কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়।
টাকা না দিলে অশ্লীল ছবি ভাইরাল করা হবে বলেও হুমকি দেওয়া হয়। পরে এসব আপত্তিকর ছবি ছাড়া হয় সামাজিক মাধ্যমে। এ ঘটনায় মেয়েটির বাবা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করা হলেও পরে পুলিশের তদন্তে এ তিনজনের সম্পৃক্ততা বেরিয়ে আসে। তাই পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।




