জার্মানিতে প্রবাসী বাংলাদেশীদের ঈদের নামাজ আদায়
বিশেষ সংবাদদাতা

বিশ্বের বেশ ক’টি মুসলিম দেশের সঙ্গে মিল রেখে জার্মানিসহ ইউরোপে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। দেশটির রাজধানী বার্লিনের প্রায় সবক’টি মসজিদে তিনটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বার্লিনের বাংলাদেশীদের দ্বারা পরিচালিত শহরের নয়কোলনে বায়তুল মোকাররম মসজিদে।
এছাড়াও অন্যান্য প্রদেশেও সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
সর্বস্তরের প্রবাসীদের সঙ্গে ঈদ জামাতে অংশ নিয়ে জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়াও দেশের উন্নয়নে প্রবাসীদের আরও আন্তরিক ও বিদেশে দেশের ভাবমূর্তি রক্ষা করে চলার অনুরোধ জানান।
তবে ইউরোপের অন্যান্য দেশের মত জার্মানিতেও খোলা জায়গায় কোরবানীর অনুমোদন না থাকলেও বার্লিনের অদূরে নির্দিষ্টস্থানে পশু কোরবানী করা হবে বলে জানান প্রবাসীরা।
ঈদ জামাত শেষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। এ সময় প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মো. শাহাআলম ও মিজানুর রহমানসহ অন্যরা বলেন— এমন পবিত্র ঈদে দেশে থাকা বাবা-মা আর পরিবার রেখে প্রবাসে ঈদ একদমই নিরানন্দের তবুও জীবিকার তাগিদে বিদেশে এমন তিনেও সকল প্রবাসীরা এক হয়ে ঈদের জামাত আদায় করতে পারাটা আনন্দের ও ভাতৃত্বের।
ঈদের জামাতে কোরবানীর তাৎপর্য ও ত্যাগের মহিমায় দেশ ও দেশের সব মানুষের জন্য দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররমের ইমাম মাওলানা হেলাল উদ্দিন সিরাজী।




