বৃটেনে ‘প্রাইড অব বেঙ্গল’ সম্মাননায় ভূষিত ডা. জাকি রেজোওয়ানা
সময় সিলেট ডেস্ক

বিলেতে বিশিষ্ট চিকিৎসক, জনপ্রিয় সংবাদ পাঠিকা ও কলামিস্ট ডা. জাকি রেজওয়ানা আনোয়ার এফআরএসএ স্বাস্থ্য ও সামাজিক সেবা সেক্টরে মর্যাদাপূর্ণ ‘প্রাইড অব বেঙ্গল’ সম্মানে ভূষিত হলেন। ইংল্যান্ডের হাউজ অফ কমন্সের চার্চিল হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন বৃটিশ—ভারতীয় সংস্থা এডভাটেকের চেয়ারপার্সন বৃটিশ সাংসদ আনা ফার্থ ও সামিত বিশ্বাস। অনুষ্ঠানে বৃটেনের বেশ কয়েকজন সাংসদ এবং বৃটিশ ও ভারতীয় বেশ কয়েকজন শিল্পপতি উপস্থিত ছিলেন।
এর আগে নোবেল বিজয়ী অমর্ত্য সেন, সৌরভ গাঙ্গুলী সহ, স্বাস্থ্য, এডেমিক গবেষণা, শিল্প, মিডিয়া, খেলাধুলা ইত্যাদি নানা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বদের হাতে গত চার বছর ধরে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এ বছর বাংলাদেশের জাতির পিতাকে বিশেষ মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। এছাড়া এ বছর বাংলাদেশী বংশোদ্ভূতদের মধ্যে লাইফ টাইম এচিভমেন্ট সম্মাননা পান বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংস্কৃতিতে টি এম কায়সার আহমেদ ও মিডিয়াতে এটিএন বাংলা টিভি’র প্রতিষ্ঠাতা ড. মাহফুজুর রহমান এবং স্বাস্থ্য ও সামাজিক সেবা ক্ষেত্রে ডা. জাকি রেজোওয়ানা আনোয়ার এফআরএসএ।
ডা. জাকি রেজোওয়ানা আনোয়ার এফআরএসএ ইউকে, বাংলাদেশ, ব্রাজিল, গ্যাম্বিয়ায় মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে কাজ করেছেন। বাংলাদেশে আয়োডিন অপুষ্টিতে ভোগা মা ও শিশুদের উপরে করা তাঁর গবেষণা কর্মটির উপর বিবিসি-টুতে ‘দ্যা রেইন প্ল্যাগ’ নামে একটি ডকুমেন্টরি প্রচারিত হয়। কোভিডকালে বৃটেনে বিভিন্ন ধর্মের উপাসনালয়ে এবং দেশী বিদেশী ব্রডকাষ্টিং মিডিয়া ও প্রিন্টিং মিডিয়াতে স্বাস্থ্য সচেতনতামূলক ও ভ্যাকসিক সংক্রান্ত সঠিক বিজ্ঞান সম্মত জ্ঞানদান করে বিশেষ ভূমিকা রাখেন। এছাড়া এন.এইচ.এস -এর সাথে অর্গান ডোনেশন ক্যাম্পেইনে যুক্ত হয়ে তিনি মরণোত্তর তাঁর শরীরের সব অঙ্গ দান করেছেন।
সম্মাননা গ্রহণের পর জি—টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. জাকি রেজোওয়ানা আনোয়ার এফআরএসএ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন— চিকিৎসা বিজ্ঞানের এত অগ্রগতির পরও পৃথিবীর বিভিন্ন দেশে নারী ও শিশুরা ভুগছে ও মারা যাচ্ছে। বিলেতে এথনিক মাইনোরিটিদের তুলনামূলক অপুষ্টি ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে অসমতার বিষয়েও তিনি তাঁর উদ্বেগের কথা তুলে ধরেন।




