জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯: বিজয়ীদের নাম ঘোষণা
বিনোদন ডেস্ক :

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ আসরের জন্য শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন গুণী অভিনয়শিল্পী তারিক আনাম খান। একইভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সুনেরাহ বিনতে কামাল। তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ আসরের এ গেজেট প্রকাশ করে। একই সাথে জানা গেল সেরা অভিনেতা-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের নাম। ২০১৯ সালে ‘আবার বসন্ত’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা তারিক আনাম খান।
এদিকে প্রথম ছবি দিয়েই বাজিমাত করলেন ‘ন ডরাই’-খ্যাত সুনেরাহ বিনতে কামাল। ছবিটিতে অভিনয় করে তিনি পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। ছবিটি এবার শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালকসহ বেশ ক’টি বিভাগে পুরস্কার অর্জন করছে।
প্রজ্ঞাপন থেকে জানা গেছে- এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২৬ বিভাগে শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে।
তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেখা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ সবচেয়ে বেশি পুরস্কার ঘরে তুলেছে মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবিটি। ছবিটি সেরা সংগীত পরিচালক, সেরা সুরকার, সেরা গায়িকা, সেরা গীতিকার, সেরা কাহিনিকারসহ আটটি বিভাগে পুরস্কার পাচ্ছে।
যুগ্মভাবে সেরা ছবি, সেরা পরিচালকসহ ছয়টি বিভাগে সেরার পুরস্কার অর্জন করেছে ‘ন ডরাই’। তিনটি করে পুরস্কার পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবি দুটি।
তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা ছবি হিসেবে ফরিদুর রেজা সাগরের ‘ফাগুন হাওয়ায়’ ও মাহবুর উর রহমানের ‘ন ডরাই’ নির্বাচিত করা হয়েছে। ‘ন’ ডরাই’ পরিচালনা করে প্রথমবারের মতো সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন তানিম রহমান।
‘সাপলুডু’ সিনেমায় অভিনয়ের জন্য খল চরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান। সেরা গায়ক হিসেবে মৃণাল কান্তি দাস, যুগ্মভাবে সেরা গায়িকা হিসেবে মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে আফরীন আক্তার ও নাইমুর রহমান, সেরা সংগীত পরিচালক চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী, সুরকার তানভীর তারেক ও প্লাবন কোরেশী, গীতিকার কামাল আবদুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণকে নির্বাচিত করা হয়েছে। এবার পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন ফজলুর রহমান বাবু ও নারগিস আক্তার।
এবার আজীবন সম্মাননাসহ মোট সাতটি বিভাগে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে। আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা ও সোহেল রানা।




