পরিবেশ সুন্দর রাখতে গাছের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
বিশেষ সংবাদদাতা :
বিশেষ সংবাদদাতা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন- ‘পরিবেশ সুন্দর রাখতে হলে গাছের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করতে হবে। তিন-চার বছর গাছের যত্ন নিলেই পরিবেশ সবুজ ও দৃষ্টিনন্দন হবে।’
শনিবার (৫ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পরিবেশমন্ত্রী আরও বলেন- ‘করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, সর্বোপরি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার ব্যাপারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। অধিকাংশ লোকই করোনা পরীক্ষা করাতে অনাগ্রহী। ফলে একজন আক্রান্ত হলে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছেন।’ তাছাড়া লক্ষণ দেখা দিলে নিজ দায়িত্বে করোনা পরীক্ষা করাতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তিনি সভায় উপস্থিত কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ প্রমুখ।




