বিশ্বনাথে মালিক-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বিশ্বনাথ সংবাদদাতা :

মালিক-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের দরিদ্রদের মাঝে শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
লামাকাজি ইউনিয়নের সিরাজপুর গ্রামের কাজীবাড়ি দরবার শরীফ প্রাঙ্গণে দু’শতাধিক পুরুষ ও মহিলার মধ্যে শীতবস্ত্র বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল।
মাওলানা কাজী আব্দুল হাদীর সভাপতিত্বে ও মালিক-নূরজাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা সৈয়দ আব্দুল মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমা প্রসাদ ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদস্য যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মিরাজ নানু মিয়া। বক্তব্য রাখেন সিরাজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার কাজী আব্দুল হালিম বুরহান, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাস পাপ্পু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ব্যবসায়ী রোটারিয়ান মাছুম আহমেদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. জহিরুল হক শাকিল বলেন- দেশের দারিদ্র বিমোচন ও অসহায়দের ভাগ্যোন্নয়নে প্রবাসীদের রয়েছে ব্যাপক ভূমিকা। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। মাথাপিছু আয় আমাদের ক্রমবর্ধমান। দারিদ্র বিমোচনে আমরা অগ্রসরমান। আর এসবের পেছনে সরকারের উদ্যোগের পাশাপাশি প্রবাসীদের রয়েছে ব্যাপক ভূমিকা। তিনি বলেন- কোভিড-২০১৯ সংকটে প্রবাসীরা সংকটে থাকলেও বাংলাদেশের অসহায়দের পাশে দাড়িয়েছেন প্রবাসীরা। দেশের শীত, খরা, বন্যা, ঘুর্ণিঝড়ের মতো প্রতিটি সংকটে অসহায়দের সহায়তা করেছেন। মালিক-নূরজাহান ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ এমন উদ্যোগেরই উদাহরণ।
ড. জহিরুল হক শাকিল আরও বলেন- যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আব্দুল মুমিনের মাতা কাজী নূরজাহান বেগম গত দু’মাস পূর্বে মৃত্যুবরন করেন। তার মায়ের স্মৃতিকে ধরে রাখতে পিতা-মাতার নামে মালিক-নূরজাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার পিতা সৈয়দ আব্দুল মালিক সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানপুরের একজন বিশিষ্ট ব্যক্তি ও অবসরপ্রাপ্ত শিক্ষক।
মালিক-নূরজাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান, মদন-মোহন কলেজ ছাত্রলীগ ও যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মুমিন বলেন- আমাদের পরিবারের প্রতিটি সদস্যের আর্থিক অনুকূল্যে এ ফাউন্ডেশন আর্থ-মানবতার সেবায় কাজ করবে। এলাকায় একটি হাইস্কুলসহ জনহিতকর কাজে মালিক-নূরজাহান ফাউন্ডেশন ভবিষ্যতে নানা কর্মসূচী গ্রহন করবে। আমার মায়ের জন্মস্থান ও স্মৃতিবিজড়িত সিরাজপুর গ্রামে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ফাউন্ডেশনের শুভ কর্মসূচির সূচনা হলো। এ ব্যাপারে তিনি সরকার ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।




