বিশ্বনাথে সাংসদ মোকাব্বির খানের কাঁচা রাস্তা পরিদর্শন : পাকা করণের আশ্বাস
স্টাফ রিপোর্টার :

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর-ভাটগাও-ফুলচন্ডী গ্রামের রাস্তা প্রশস্থ ও পাকা করণের দাবী দীর্ঘদিনের। স্বাধীনতার পর এত বছর অতিবাহিত হলেও এলাকার জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি আজও চলাচলের উপযোগী হয়ে উঠেনি। এতে স্থানীয় জনগণকে দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাকা সড়ক না থাকায় এমনিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে আছে, আর বর্ষাকাল এলে কাদা-পানিতে একাকার হয়ে দুর্ভোগ চরম আকার ধারণ করে। তখন যানবাহন তো দূরে থাক পেয়ে হেটেও চলাফেরা কঠিন হয়ে যায়। ফলে ওই এলাকার জনসাধারণ প্রয়োজনের জন্য তখন হাট-বাজারেও যেতে পারেন না, বিদ্যালয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়- উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলীকোনা হতে পাহাড়পুর-নূরপুর-ভাটগাও-ফুলচন্ডী রেল লাইন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটির জন্য এলাকাবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা ও একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বাইরের শিক্ষার্থীরা যেমন দুর্ভোগ মাথায় নিয়ে আসা-যাওয়া করে, তেমনি এখানকার শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার জন্য কাঁচা রাস্তা ব্যবহার করে দূরের কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে থাকে। তাছাড়া এলাকার অনেকেই জেলা শহর ও উপজেলা সদরে নিয়মিত যাতায়াত করে থাকেন। গ্রাম থেকে দীর্ঘ পথ পায়ে হেটে পাকা রাস্তায় আসার পর যানবাহনে উঠতে পারেন। যার কারনে একদিকে তাদের সময় নষ্ট হয়, অন্যদিকে ভাঙ্গা-পিচ্ছিল পথে হাটতে পেতে হয় চরম বেগ। বিশেষ করে এলাকার কৃষকদের উৎপাদিত ফসল ও অন্যান্য মালামাল নিজেরা বহন করে দূরের হাট-বাজারে নিয়ে বেচা-কেনা করতে হয়। তাই দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এ গ্রামগুলোর চলাচলের একমাত্র এই রাস্তাটি মাটি ভরাট করে প্রশস্ত সহ পাকা করণের দাবী জানিয়ে আসছেন এলাকাবাসী। ভোটের সময় স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই এলাকার দুঃখ-দুর্দশা লাঘবে মাটি ভরাট-সহ রাস্তা পাকা করণের প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি রক্ষায় কেউ এগিয়ে আসেননি। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই রাস্তার জন্য বিভিন্ন মহলের কাছে আবেদন করলেও কোনো কার্যকরি ব্যবস্থা নেয়া হয়নি।

অবশেষে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ২টায় পাহাড়পুর-নূরপুর-ভাটগাও-ফুলচন্ডী গ্রামের জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি পরিদর্শন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। পরদর্শনকালে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট-এর উপদেষ্টামন্ডলীর সভাপতি হাজী মো. তেরা মিয়া-সহ স্থানীয় মুরব্বিয়ান ও এলাকার যবু সমাজের প্রতিনিধিগণ প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি প্রশস্থ ও পাকা করণের প্রয়োজনীয়তা সংসদ সদস্য বরাবরে তুলে ধরেন এবং এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে জোর দাবি জানান। এ সময় সাংসদ মোকাব্বির খান জনগণকে সাথে নিয়ে অনেকটা পথ পায়ে হেটে রাস্তাটি পরিদর্শন করেন এবং এলাকাবাসীর দুর্দশা লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

রাস্তা পরিদর্শনকালে বীর মুক্তিযোদ্ধা মখদ্দুছ আলী, বিশিষ্ট মুরব্বি শামসুদ্দীন কালা মিয়া, তোহিদ আলম, আফতাব মিয়া, আব্দুল মুতলিব, আলমাছ আলী, আলখাছ আলী, আজাদ মিয়া, আজিজুর রহমান মনর, আল মামুন আহমেদ, জয়নাল মিয়া, আব্দুল্লাহ আল মামুন, তারেক আহমদ, শরীফ আহমদ, সোহেল আহমদ, এমরান হোসেন জয়, মনজু আহমেদ, বিলাল আহমদ, আজিজুল ইসলাম, তোফায়েল আহমদ, নজরুল ইসলাম, আনছার আলী, শিশু মিয়া, খছরু মিয়া, হাছান উল্লাহ, লায়েছ আহমদ, আল আমিন সহ সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট এবং রংধনু স্পোর্টিং ক্লাবের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




