পৌর নির্বাচন : বড়লেখায় আ’লীগের মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা
বড়লেখা সংবাদদাতা :

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেন। এসময় তিনি লিখিত ইশতেহার পড়ে শোনান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন- পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ। বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু’র সঞ্চালনা করেন বক্তব্য দেন- বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
এসময় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, পৌরসভা নির্বাচনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দিলিপ দে, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী আহমদ চৌধুরী জায়েদ, কোষাধ্যক্ষ সয়দুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর একান্ত সহকারী সচিব কবিরুজ্জামান চৌধুরী, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম সজল, উপজেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবারের নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন, তা হলো- পৌরসভা পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা, বড়লেখা পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করা, পৌর ভবনের জায়গার ব্যবস্থাসহ অত্যাধুনিক ভবন নির্মাণ করা, পৌর প্রশাসনের সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, দূর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা সুনিশ্চিত করা, বিদ্যমান টেকসই উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সকল কার্যক্রম প্রযুক্তি নির্ভর ও ডিজিটালাইজেশন করা, মেয়রের সাথে পৌরবাসীর প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থাসহ নাগরিক সমস্যাদির অভিযোগ গ্রহণ ও সার্বক্ষণিক তদারকির মাধ্যমে পৌরবাসীর সমস্যাদি সমাধান করা; এ লক্ষ্যে সার্বক্ষণিক যোগাযোগের জন্য হটলাইন চালু করা, পৌরবাসীর সামগ্রিক নিরাপত্তা বিধান, চুরি, ডাকাতি রোধ ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাসহ বড়লেখা হাজীগঞ্জ বাজার ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান সি.সি. ক্যামেরার আওতায় আনা, সকল প্রকার পৌরকর যৌক্তিক ও সহনশীল পর্যায়ে রাখা, ওয়ার্ড কাউন্সিলরগণের মাধ্যমে পৌরসভার সকল উন্নয়নমূলক কাজ ও সেবা বিকেন্দ্রীকরণ করা।
ইশতেহার ঘোষণার সময় বক্তব্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন- ‘আমার ঘোষিত ইশতেহারই শেষ কথা নয়। নির্বাচিত হলে সময়ের প্রয়োজনে যখন যা করা দরকার তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বচ্ছতা, জবাবদিহিতা, নাগরিক অধিকার ও নাগরিক সেবার বিষয়ে কখনও আপস করব না। পশ্চাৎপদতা নয়, সব সময় আমার ভাবনা ও পরিকল্পনা থাকবে যুগোপযোগী ও আধুনিক। বড়লেখা পৌরসভাকে বাংলাদেশের একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করব’।
আগামী সোমবার (২৮ ডিসেম্বর) বড়লেখা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় ভোটার ১৫ হাজার ৪৪৩ জন।




