কুলাউড়ায় শফিক : আ’লীগের কেউ বিদ্রোহীর পক্ষ নিলেই ব্যবস্থা
কুলাউড়া সংবাদদাতা :

‘আওয়ামীলীগ করে নির্বাচনে বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে গিয়ে বিদ্রোহীর পক্ষে যারা কাজ করবেন তারা কেউ পার পাবেন না।’ -এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন শফিক।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে নৌকার সমর্থনে পৌর আওয়ামী লীগ আয়োজিত পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সমর্থনে বিশেষ বর্ধিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন- ‘দলের মনোনীত প্রার্থী ব্যতিত যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি ব্যাক্তিগতভাবে এত ক্ষমতাধর নন যে তিনি একাই নির্বাচনে জয়ী হবেন। আমি যতটুকু জানি দলীয় কোন পদ নেই ওই প্রার্থীর।
তিনি বলেন- আওয়ামী লীগ করে, শেখ হাসিনার দলের আশির্বাদপুষ্ট হয়ে দলকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দলের বিরুদ্ধ (বিদ্রোহী) প্রার্থীর পক্ষে যারা কাজ করবেন তাদেরকে প্রমাণসহ চিহ্নিত করে রাখবেন। তাদেরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সাখাওয়াত হোসেন শফিক বলেন- ধর্মের দোহাই দিয়ে একটি গোষ্ঠী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বরেণ্য ব্যাক্তিবর্গের ভাস্কর্য নিয়ে নৈরাজ্য চালাচ্ছে। সরকারে উন্নয়ন দেখে স্বাধীনতার বিরোধী শক্তি ও পাক হানাদারদের প্রেতাত্মারা ইর্ষান্বিত হয়ে শেখ হাসিনার সফল রাষ্ট্র পরিচালনাকে প্রশ্নবিদ্ধ করতে এবং রাজনৈতিক ফায়দা লুটার জন্য সবসময় সক্রিয় রয়েছে। শান্তিপ্রিয় মুসলমানকে উস্কিয়ে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তৈরী করতে চেষ্টা চালাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা দিনরাত জেগে দেশের জন্য কাজ করবেন আর আপনার আওয়ামী লীগ করে নিশ্চিন্তে থাকবেন সেটা কি করে হয়। আমরা যারা আওয়ামী লীগ করি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সফল রাষ্ট্র পরিচালনার ধারা অব্যাহত রাখতে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।
তিনি নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানিয়ে বলেন- দেশ এখন আর কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। শেখ হাসিনার মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ দলের ইতিবাচক রাজনীতির পাশাপশি সর্বদা মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করছেন। আগামী ১৬ জানুয়ারী পৌর নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করতে শেখ হাসিনার মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পক্ষে কাজ করুন। এলাকার উন্নয়নকে ত্বরান্নিত করুন।
পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খুরশেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌরা দে’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য এসএম জাকির হোসাইন, পৌর নির্বাচনে নৌকার প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন, আওয়ামীলীগ নেতা ইউপি’র চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ প্রমুখ।




