জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা : নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক :

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সশস্ত্র ব্যক্তিদের হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত বুরুন্ডির তিন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবারের (২৪ ডিসেম্বর) এই হামলায় দুইজন আহতও হয়েছেন। খবর ইউএন নিউজের জাতিসংঘ শুক্রবার এ তথ্য জানিয়েছে। এ হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। নির্বাচনের আগ মুহূর্তে সেখানে এমন ঘটনা ঘটলো। রোববার দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে- এ হামলায় বুরুন্ডির তিন সদস্য নিহত ও দুইজন আহত হয়েছেন। মধ্যাঞ্চলীয় ডেকোয়া ও দক্ষিণাঞ্চলীয় বাকুমা এলাকায় পৃথক দুই হামলায় তারা হতাহত হন। এ হামলায় হতাহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শোক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন- জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত হতে পারে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কর্তৃপক্ষকে এই হামলার তদন্ত করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।




