সাংবাদিক সাকী’র উপর হামলা : এসএমএস মিডিয়া’র নিন্দা
সময় সিলেট ডেস্ক :

চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক সাদিকুর রহমান সাকী’র উপর সংঘবদ্ধ জুয়াড়িদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর নেতৃবৃন্দ।
আজ গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা ন্যাক্কারজনক এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।
বিবৃতিতে এসএমএস মিডিয়া’র নেতৃবৃন্দ বলেন- ক্ষমতার চোখ রাঙানি, দুর্বৃত্তের কালো হাত আর লোভের হিংস্র থাবাকে উপেক্ষা করে সাংবাদিক সাদিকুর রহমান সাকী ও তার সহধর্মিনী সুবর্ণা হামিদ যখন দায়িত্বশীল সাংবাদিকতার পথে এগিয়ে চলছেন ন্যায়, নীতি ও নিষ্ঠার সাথে, তখনই সংঘবদ্ধ জুয়াড়িরা নিজেদের অপরাধ ঢাকতে তাদের উপর হামলার ঘটনা ঘটায়।
নেতৃবৃন্দ বলেন- পেশাদার সাংবাদিক দম্পতির উপর এমন বার বার হামলার ঘটনায় সিলেটের সাংবাদিক সমাজের সাথে আমরাও স্তম্ভিত, উদ্বিগ্ন, ক্ষুব্ধ এবং সমব্যাথী। ন্যাক্কারজনক এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসএমএস মিডিয়া’র নেতৃবৃন্দ আরও বলেন- অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে ওঠায় সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভূগছেন। তাই অবিলম্বে সাংবাদিক সাদিকুর রহমান সাকী ও সুবর্ণা হামিদের উপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।




