বড়লেখায় ৫দফা দাবিতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন
বড়লেখা সংবাদদাতা :

মৌলভীবাজারের বড়লেখায় ৫দফা দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ৫দফা দাবি স্থায়ীভাবে সমাধানের জন্য প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।
দাবিগুলো হলো ১১ গ্রেডে বেতন প্রদান, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপনণ অনুযায়ী ম্যানেজিং কমিটিতে সদস্য রাখার ব্যবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা, সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাসুদুর রহমান তাজ, সহ-সভাপতি বিজিত চক্রবর্ত্তী, আব্দুল শাকুর, অভিনাষ মোহন দে, সাধারণ সম্পাদক ভজন লাল দাস, অর্থ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- ‘শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। তারা অবিলম্বে ৫দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।’




