সিলেট প্রেসক্লাবের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :

সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মতবিনিময় সভা করেছেন। রোববার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এসএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট প্রেসক্লাবের সদস্যদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেন- কিশোর গ্যাং, মাদক, ছিনতাই, চাঁদাবাজি বন্ধে অপরাধীদের তালিকা প্রস্তুত করে তা প্রতিরোধে এসএমপি কাজ করে যাচ্ছে। সিটি মেয়রের সহযোগিতায় হকারদের লালদিঘীরপাড়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে নগরী হকারমুক্ত হবে।
তিনি বলেন- সামাজিক অপরাধ বিশেষ করে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা সরাসরি প্রতিরোধের উপায় একটু কঠিন। এজন্য কুইক রেসপন্স টিম গঠন ও হটলাইন চালু করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন শহরের যে কোন জায়গায় অপরাধ ঘটলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে যাতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয় তার জন্য স্পেশাল কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে। অপরাধ দমনে দ্রুতগতির মোবাইল পেট্রোল টিম গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ টিমের সদস্যরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যাবেন ও দ্রুত ব্যবস্থা নিবেন। যদি কোন বাসাবাড়িতে তৃতীয় লিঙ্গের কেউ গিয়ে হয়রানি করে তাহলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য বলেন। সিলেট মহানগরীকে সুন্দর ও অপরাধ মুক্ত নগরী হিসেবে গড়তে সকলের সহযোগিতা কামনা করেন এসএমপি কমিশনার।
অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) বি.এম. আশরাফ উল্যাহ তাহেরের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কশিনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলামসহ সকল উপ-কমিশনার ছাড়াও সিলেট প্রেসক্লাবের সদস্যগণ।




