পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলা : নারী ও শিশুসহ আহত ৯
স্টাফ রিপোর্টার :

সিলেটের টুকেরবাজারে জায়গা এবং ঘরের বিরোধের জের ধরে বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি নেতা শাহ জামাল নুরুল হুদার নেতৃত্বে একদল দুর্বৃত্ত সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপরপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়ি এবং দোকানে হামলা ভাঙচুর ও লুটপাটের এ ঘটনা ঘটেছে। এতে শিশু ও মহিলাসহ ৯ জন আহত হয়েছেন। আহত কয়েকজন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
হামলায় আহতরা হলেন– রুকিয়া বেগম (৪৫), হাসনা বেগম (৪০), রুফিয়া বেগম (৫০), পিয়ারা বেগম (৫৫), চন্দা বেগম (৫৫), আহম্মদ মিয়া (৫০), মাসুদ আহমদ (১২), তাকবির আহমদ (২০) ও মো. বতাই মিয়া।
স্থানীয় সূত্র ও হামলার শিকার নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে জানা গেছে- স্থানীয় বিএনপি নেতা শাহ জামাল নুরুল হুদার সঙ্গে দীর্ঘদিন থেকে নুরুল ইসলামের মায়ের কাবিননামার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এরমধ্যে নুরুল ইসলামের মা মারা যান। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও শাহ জামাল নুরুল হুদা দখলকৃত জায়গা ছাড়ছেন না। এ নিয়ে একাধিকবার বিচার-সালিশও অনুষ্ঠিত হয়। সর্বশেষ বিষয়টি এলাকার গণ্যমান্য মুরুব্বিরা সমাধান করার উদ্যোগ নিয়েছেন।
কিন্তু এরই মাঝে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা শাহ জামাল নুরুল হুদা ও তার সহযোগিরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে নুরুল ইসলামের বাড়ি ও দোকানে হামলা চালায়। এসময় হামলাকারীদের মারপিটে নারী ও শিশুসহ ৯ জন আহত হন। এছাড়াও নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করেন হামলাকরীরা।
হামলার বিষয়টি নিশ্চিত করে এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন গণমাধ্যমকে বলেন- জায়গা-জমির বিষয়ে টুকেরবাজারের উপরপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়ের করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।




