একমূখী শিক্ষা ব্যবস্থায় ছাত্র মৈত্রী অটুট থাকতে হবে: ২০তম সম্মেলনে ফজলে হোসেন বাদশা
বিশেষ সংবাদদাতা :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রীর দু’দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল। সম্মেলনের এবারের প্রতিপাদ্য- `শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িকতা-বৈষম্য রুখো; শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দুর্নীতি নির্মূল কর; অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ো।
সংগঠনের সভাপতি ফারুক আহমেদ রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য নুর আহমদ বকুল। আরও বক্তব্য দেন সংগঠনের ২০তম সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক শামিল শাহরোখ তমাল, অতুলন দাস আলো, মনিরুজ্জামান বিবর্তন প্রমুখ।
সম্মেলনে অধ্যাপক মেজবাহ কামাল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র মৈত্রীর অবদান তুলে ধরে সামনে যে কোনো আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা বলেন- কৃষকের উৎপাদিত পণ্যের মূল্য সরকারকে বেঁধে দিতে হবে। রাষ্ট্রব্যবস্থার অগ্রযাত্রা রুখে দিয়ে লুটেরারা অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তাদের রুখতে হবে। তিনি বলেন- দেশের ক্রান্তিলগ্নে ছাত্রসমাজ এগিয়ে এসেছিল। ভবিষ্যতেও দেশের এ ধরনের আহ্বানে সাড়া দেবে। বর্তমানে এ দেশের শিক্ষাব্যবস্থায় অসাম্প্রদায়িকতার বদলে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঊনসত্তরের গণজাগরণের মতো অসাম্প্রদায়িক একমুখী শিক্ষাব্যবস্থার আন্দোলনে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।




