জৈন্তাপুরে পাহাড় কাটায় ৪০ হাজার টাকা জরিমানা
জৈন্তাপুর সংবাদদাতা :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে ৬০ ফুট উচু বিশাল পাহাড় কর্তনের সময় তিনটি ট্রাকসহ এক ড্রাইভারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় টিলার মালিক শামীম আহমদকে ৪০ হাজার টাকা জরিমানা আদয় করে তিনটি ট্রাকসহ এক ড্রাইভারকে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ এই জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা ওমর ফারুক। অর্থদণ্ড পাওয়া শামীম আহমদ উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের সুনাফর আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পাহাড় খেকু চক্রের সদস্য দীর্ঘ ২ বছর থেকে বেপরোয়া হয়ে উঠেছে। তারা হলেন পানিছড়া গ্রামের সুনাফর আলী ছেলে শামীম আহমদ, একি গ্রামের মৃত আহমদ উল্লার ছেলে হালিম আহমদ, শিকারখাঁ গ্রামের আবুল হাসনাতের ছেলে হবিব আহমদ, বাগেরখাল গ্রামের জবাই আহমদের ছেলে সিরাজ আহমদ উরফে রট সিরাজ, শিকারখাঁ গ্রামের আব্দুস সালামের ছেলে সাদ উদ্দিন, শিকারখাঁ গ্রামের শামছুল ইসলামের ছেলে নাজমুল আলম মিলেমিশে ফতেপুর ইউনিয়ন ও চিকনাগুল ইউনিয়নের প্রায় ৮টি পাহাড় ও টিলা কর্তন করছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ বলেন- ‘পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। দীর্ঘদিন ধরে এই বিশাল পাহাড় কাটছিলেন চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পানিছড়া এলাকায় রাত ১টায় ঘটনাস্থলে পৌঁছে তিনটি ট্রাকসহ এক ড্রাইভারকে পাই। ভবিষ্যতে পাহাড় কাটবেন না-এই মর্মে মুচলেকা দেওয়ার প্রেক্ষিতে শামীম আহদমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা বন্ধের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।’




