ফের ৩৪ লন্ডনী নিয়ে বিমান ওসমানীতে : ২৮জন কোয়ারেন্টিনে
স্টাফ রিপোর্টার :

যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ফের লন্ডন থেকে ৩৪ যাত্রী নিয়ে সিলেট এলো বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। যাদের মধ্যে ২৮ জনই সিলেটের। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের বিজি-২০২ ফ্লাইটটি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সিলেটের ২৮ জনকে নির্ধারীত হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিমান অবতরণের বিষয়টি নিশ্চিত করে জানান- বৃহস্পতিবার ৯টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণ করে। এই ফ্লাইটে আসা ৩৪ যাত্রীর মধ্যে ২৮ জনই সিলেটের। বাকী ৬ যাত্রী ঢাকার। তাদের নিয়ে সকাল ১০টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমান বন্দর ত্যাগ করে বিমান।
বিমানবন্দরের সিলেটের ২৮ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় বিমানবন্দরের ভেতরের আনুষ্ঠানিকতা। তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়। তাদের সবারই করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিলো।
সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে। গত ২৪ ডিসেম্বর ২০২ জন, গত ২৮ ডিসেম্বর ২০২ জন. ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী ও ৪ জানুয়ারি ৪৭ যাত্রী নিয়ে বিমানের চারটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে আসে।




