বিশ্বনাথে সিএনজির স্ট্যান্ডে সংঘর্ষে চালক যাত্রীসহ আহত ৩
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে সিএনজি স্ট্যান্ডে সিরিয়ালের গাড়িতে উঠা নিয়ে চালক-যাত্রী সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের নতুনবাজারস্থ বিশ্বনাথ-রামপাশা সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন রামপাশা ইউনিয়নের নরশিংপুর গ্রামের মৃত রজব আলীর দুই ছেলে এখলাছুর রহমান (২৫), সাজ্জাদুর রহমান (২৩), অটোরিকশা চালক সুরত আলী (২০) ও ছাইদুল ইসলাম (২৩)।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহতদেরকে পুলিশের সহযোগিতায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে রাতেই গুরুতর আহত অবস্থায় এক অটোরিকশা চালককে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করার খবর পাওয়া গেছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুতর আহত দুইজনের মধ্যে একজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




