প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস গুরুতর আহত
বিনোদন ডেস্ক :

রিয়ালিটি শোয়ের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী ও গায়ক নিক জোনাস।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা টিএমজেড জানিয়েছে— শুটিং চলাকালীনই আঘাত পান নিক। সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত মার্কিন পপ তারকার শারীরিক অবস্থা স্থিতিশীল।
সূত্রের খবর— একটি গানের রিয়ালিটি শোয়ের শুটিং করছিলেন নিক। কিন্তু কীভাবে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী চোট পেলেন, সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। প্রিয়াঙ্কা বা নিকের পক্ষ থেকেও অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে মার্কিন পপ তারকার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সুস্থ হয়ে তিনি আবার শুটিংয়ে যোগ দিতে চান বলে জানানো হয়েছে।
২০১৮ সালের মে মাসে প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। প্রিয়াঙ্কার থেকে ১০ বছরের ছোট নিক। তা নিয়ে বিস্তর চর্চাও হয়। তবে সমালোচকদের তোয়াক্কা না করেই সেই বছরের ডিসেম্বর মাসে মার্কিন পপ তারকাকে বিয়ে করেন প্রিয়াঙ্কা।




