করোনা টিকা নেয়ার ভয়ে নদীতে ঝাপ দুই শতাধিক গ্রামবাসীর!
আন্তর্জাতিক সময় :

করোনাভাইরাস থেকে বাঁচতে এখন পর্যন্ত সবচেয়ে সুরক্ষিত উপায় হলো টিকা দেয়া। কিন্তু সাধারণ মানুষের মধ্যে টিকা নিতে অনাগ্রহ দেখা গেছে বিভিন্ন দেশে। তবে ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামের সব বাসিন্দা যে কাজ করছেন এমন ঘটনা এর আগে আর দেখা যায়নি।
করোনার টিকায় বিষ রয়েছে, তাদেরকে বিষের ইনজেকশন দেয়া হচ্ছে- এমন গুজব ছড়িয়ে পড়লে সবাই টিকা নিতে অস্বীকৃতি জানান। শেষে স্বাস্থ্যকর্মীরা অনেকটা জোর করে টিকা দিতে গেলে গ্রামের নদীতে ঝাপ দেন দুই শতাধিক গ্রামবাসী। খবর আনন্দবাজারের
খবরে বলা হয়েছে- রাজ্যের রামনগর মহকুমার অন্তর্গত সিসৌরা গ্রামে শনিবার এই ঘটনা ঘটেছে। ওই দিন গ্রামবাসীদের টিকাকরণের জন্য স্বাস্থ্যকর্মীদের একটি দল সেখানে পৌঁছায়। তাদের গ্রামে ঢুকতে দেখে হুলস্থুল পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে এগিয়ে আসেন মহকুমা শাসক রাজীবকুমার শুক্ল। গ্রামবাসীদের টিকার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন তিনি।
কিন্তু তাতে হিতে বিপরীত হয়। টিকা থেকে বাঁচতে দলে দলে গিয়ে সরযূ নদীতে ঝাঁপ দেন প্রায় ২০০ গ্রামবাসী। টিকা দিতে তাদের পিছনে ছুটতে হয় স্বাস্থ্যকর্মীদের। তারপরও মাত্র ১৪ জনকেই টিকা দিতে সক্ষম হন তারা।
স্থানীয় সূত্রে খবর- করোনার টিকা নিয়ে নানা গুজব ছড়িয়েছে মানুষের মধ্যে। টিকাকরণের নামে আসলে শরীরে বিষপ্রয়োগ করা হচ্ছে বলে রটে গিয়েছে। তাতেই ভয় পেয়ে গিয়েছেন সকলে। প্রশাসনের তরফে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে।




