ফিলিস্তিনি রাষ্ট্রদূতের মন্তব্যে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের যেকোনো সিদ্ধান্তের বিষয়ে কোনো দেশের রাষ্ট্রদূতের বক্তব্য অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দটি বাদ দেওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন— ‘আমাদের সিদ্ধান্তের বিষয়ে কে কী বলল, তা আমার কাছে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। আমরা আমাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী চলি। আমরা একটি সার্বভৌম দেশ। আমরা যা করব তা আমাদের সিদ্ধান্তেই করব।’
আজ মঙ্গলবার (২৫ মে) রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে, সোমবার ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেন। তবে, রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়— ‘বাংলাদেশের পাসপোর্ট আন্তর্জাতিক মান বজায় রেখে করা হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী তখন বলেছিলেন— ‘নতুন পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত (except Israel)” না লেখার অর্থ এই না যে বাংলাদেশ তার অবস্থা পরিবর্তন করেছে। বাংলাদেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয় না।’




