নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গুয়ার হাওরে পর্যটক: ৫ হাজার টাকা জরিমানা
তাহিরপুর সংবাদদাতা :

সুনামগঞ্জের তাহিরপুরে করোনাভাইরাস সংক্রমণরোধে বিধিনিষেধ অমান্য করে পর্যটন স্পটগুলোতে পর্যটক আগমন ও পরিবহন নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী দুটি নৌযানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (২০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান- করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশে পর্যটন কেন্দ্রসমূহ সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় তাহিরপুরেও নৌযানকে পর্যটক পরিবহন না করার জন্য ও পর্যটকদের আগমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্বাস্থ্যবিধি রক্ষার্থে পর্যটন স্পটসহ উপজেলাজুড়ে এ ধরনের অভিযানের পরিধি আরও বাড়ানো হবে। কোন ছাড় দেওয়া হবে না।




