কুড়িগ্রামে কঠোর লকডাউনে আইন শৃংখলা বাহিনীর বিশেষ তৎপরতা
কুড়িগ্রাম সংবাদদাতা :

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও করোনা সংক্রমণ রোধে ৭ দিনের লকডাউন সফল করতে জেলা প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনী।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরের পর থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে জেলায় বেশি করোনা সংক্রমিত এলাকা হিসাবে পরিচিত পৌর এলাকার বিভিন্ন অলিগলি এবং কাঁচা বাজার পরিদর্শন করেন আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন। এরপর জেলার সর্বত্র ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়।
জেলা প্রশাসনের একাধিক মুখপাত্র জানান- করোনা সংক্রমণ রোধ কল্পে ঘোষিত লকডাউন সফল করতে ৭ দিন মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
লকডাউন উপলক্ষে ব্যাপক প্রচারনার কারনে বৃহস্পতিবার বেশীর ভাগ সময় জেলা শহরের রাস্তাগুলো ফাঁকা ছিল, তবে অধিকাংশ দোকানপাট ও রেস্তোরা খোলা দেখা গেছে। এ সময় স্থানীয় প্রশাসন ব্যাবসায়ী ও নাগরিকদের সচেতন করতে শহরের জিয়াবাজার, দাদামোড়সহ বিভিন্ন এলাকায় সচেতনতা মুলক ক্যাম্পেই করে বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, ২২-বিজিবির পরিচালক লে.কর্ণেল জামাল উদ্দিন, রংপুর ৬৬ পদাধিক ডিভিশনের ৩০ বীর সেনার কুড়িগ্রামের অধিনায়ক মেজর আবুল হাসনাত, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন ও পৌর মেয়র কাজিউল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনে সকলকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহবান জানান।
উল্লেখ্য, সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭৫ জনের নমুনা পরিক্ষা করে ২৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮ শত ৩ জন। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২৯ জন । জেলার ৮ টি উপজেলা সদরেও লকডাউন সফল করতে উপজেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলাবাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।




