‘কঠোর লকডাউন’—এর মেয়াদ বাড়লো আরও ৭ দিন
সময় সিলেট ডেস্ক :

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়েছে সরকার। আগামী ৭ থেকে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আজ সোমবার (৫ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ১ জুলাই থেকে সারা দেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবারের বিধিনিষেধ কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে। ৭ জুলাই মধ্যরাতে চলমান লডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরও সাত দিন লকডাউনের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছিল।
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো শিথিল করা হয়। করোনার সংক্রমণ বাড়লে সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন দেওয়া হয়। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখতে রাজধানীর পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়।




