আজ রথযাত্রা: করোনার কারণে এবারও হবে না রথটানা
স্টাফ রিপোর্টার :

শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব-২০২১ইং-এর প্রথম রথযাত্রা আজ ১২ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে।
উল্টো রথযাত্রা ২০ জুলাই মঙ্গলবার (শায়ন একাদশীর দিন) অনুষ্ঠিত হবে। তবে এবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মন্দির ও দেবালয় অভ্যন্তরে ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন সনাতন ধর্মাবলম্ভীরা।
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে সিলেট নগরীর প্রতিটি মন্দির ও দেবালয় কীর্ত্তনসহকারে রথ টেনে নিয়ে ঐতিহ্যবাহী রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে যাবে না। এর বাইরে রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে ১১ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি ইসকন যুগলটিলা মন্দির, সিলেটে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।
সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি ড. দীলিপ কুমার দাশ চৌধুরী জানান- জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব গতবারের মত এবারও বৈশ্বিক মহামারি ভয়াবহ করোনাভাইরাস সংক্রমন বৃদ্ধির কারণে সিলেট নগরীর প্রতিটি মন্দির ও দেবালয় কীর্ত্তনসহকারে রথ টেনে নিয়ে ঐতিহ্যবাহী রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নগরীর প্রতিটি মন্দির ও দেবালয়গুলি সরকার কর্তৃক সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মন্দির ও দেবালয় অভ্যন্তরে সনাতন ধর্মীয় নিয়ম নীতি ও আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করা হবে।




