কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রেতা’সহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
কুড়িগ্রাম সংবাদদাতা :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করায় ৩টি কাপড়ের দোকানের মালিক ও ক্রেতাসহ ৯টি মামলায় মোট ৫০,৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, চলমান লকডাউনে প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে দোকানের ভেতরে কাস্টমারদের ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে অতি কৌশলে ব্যবসা করে আসছিল ভূরুঙ্গামারী বাজারের আমতলার ৩জন কাপড় ব্যবসায়ী।
সোমবার (১২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামনি বস্ত্রালয়, সোহাগ বস্ত্রালয় ও সওদাগর বস্ত্রালয়ের শার্টার খুলে দোকানের ভিতরে অভিযান চালান। এ সময় দোকানের ভেতরে শুধুমাত্র মালিক ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। সন্দেহ হলে ট্রায়াল রুমে অভিযান চালিয়ে গাদাগাদি অবস্থায় লুকিয়ে থাকা কাস্টমারদের বের করে আনে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে উক্ত তিন দোকানের মালিকদেরকে ১৫,০০০ টাকা (পনের হাজার) ও কাস্টমারদের জন প্রতি ৫০০ টাকা করে মোট ৫০,৭০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি মো. জাহাঙ্গীর আলম জানান- চলমান লকডাউনে একই অভিযোগে ইতোপূর্বে তাদেরকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রসাশনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে লকডাউন ভেঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছিল তারা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) হুশিয়ারি দিয়ে বলেন- জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রসাশন প্রয়োজনে আরো কঠোর ভুমিকায় অবতীর্ণ হবে।




