সিলেটে লকডাউনের শেষ দিনেও ১০২ গাড়ী আটক : ৬৪ মামলা, জরিমানা
স্টাফ রিপোর্টার :

কঠোর লকডাউনের শেষ দিনে জরুরী প্রয়োজন ছাড়া গাড়ী নিয়ে বের হওয়ার অপরাধে সিলেট মেট্রোপলিটন পুলিশ ৬৪টি মামলায় ১০২টি গাড়ি আটক করা হয়েছে। একই সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন- এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্তি পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান- লকডাউনের ১৪তম দিনে বিধিনিষেধ অমান্য করায় মহানগরীর বিভিন্নস্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজিচালিত অটোরিকশা ৩৭টি, মোটরসাইকেল ১২টি, প্রাইভেটকার ৫টি ও অন্যান্য ১০টি মামলা’সহ সর্বমোট ৬৪টি মামলা হয়েছে। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা ১৫টি, মোটরসাইকেল ৩৯টি, প্রাইভেটকার ১৫টি, অন্যান্য ৩৩টি’সহ মোট ১০২টি যানবাহন আটক করা হয়। এছাড়া পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসএমপি’র মিডিয়া শাখা জানায়- করোনা ভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে কাজ করছে। মহানগরীর বিভিন্ন স্থানে ৩২টি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া থানা ও ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকায় ৫২টি টহল মোবাইল টিম কাজ করছে।




