দিরাইয়ে ঘরবন্দি অটোরিক্সা শ্রমিকদের খাদ্যসামগ্রী দিলেন ইউএনও
দিরাই সংবাদদাতা :

আকতার সাদিক, দিরাই (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দিরাই পৌরশহরস্হ বাসস্ট্যান্ড এলাকায় কঠোর লকডাউনের কারণে ঘরবন্দি হয়ে পড়া সিএনজি চালিত অটোরিক্সা চালক-শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন প্রায় ৯৭ জন ঘরবন্দি শ্রমিকদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জানা গেছে- দিরাই পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রায় চারশতাধিক সিএনজি চালিত অটোরিক্সা চালক-শ্রমিক সদস্য রয়েছেন। তাদের অধিকাংশেরই দারিদ্র্যসীমার নিচে বসবাস। তাছাড়া গেলো দু’সপ্তাহের লকডাউন-কঠোর লকডাউনে তারা ঘর বন্দি হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়েছেন। শ্রমিকদের এই ‘নুন আনতে পান্তা ফুরায়’ অবস্হা দেখে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে শ্রমিক নেতা কনর মিয়া ত্রান চেয়ে আবেদন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন শ্রমিক নেতার এই আবেদনের প্রেক্ষিতে স্থানীয় প্রায় ৯৭ জন ঘরবন্দি অসহায় শ্রমিকদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, ১ কেজি আটা, ২ কেজি চিনি, ১ কেজি তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ২ প্যাকেট সেমাই এবং ১টি করে সাবান।
বৈশ্বিক মহামারির এই কঠিন সময়ে খাদ্যসামগ্রী পেয়ে শ্রমিক সদস্যরা যেনো আনন্দে আটখানা। তারা বলেন- আমরা ভাবতেই পারিনি ইউএনও স্যার আমাদেরকে এতোটা স্নেহ করবেন। আমরা এই প্রথম কোনো ইউএনও’র কাছ থেকে স্নেহ পেয়েছি। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ থাকবো।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন- পিআই নজরুল ইসলাম। শ্রমিকদের পক্ষে ত্রান গ্রহন করেন শ্রমিক নেতা মো. কনর মিয়া, মো. মাসুম মিয়া’সহ শ্রমিক সদস্যরা।
এ সময় শ্রমিক নেতা কনর মিয়া বলেন- আমি ইউএনও স্যার ও পিআই স্যারের প্রতি চির কৃতজ্ঞ। আমাদেরকে এটুকু স্নেহ দিয়ে পাশে থাকার জন্য।




