কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২ : থানায় অভিযোগ
কমলগঞ্জ সংবাদদাতা :

নির্মল এস পলাশ, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১১টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামের ধানী জমিতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়- উত্তর কানাইদেশী গ্রামের আব্দুল হান্নান ট্রাক্টর দিয়ে ২ বিঘা জমি হালচাষ করতে গেলে তারই সহোদর আব্দুল কাইয়ুম, আব্দুর রহিম, ফরমান আলী তাতে বাঁধা দেন এবং উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করেন। এ সময় আব্দুল হান্নানকে রক্ষার জন্য তার দুই কন্যা এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকেরা কিলঘুষি, লাথি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে হোমেরা আক্তার (৪৫) ও জান্নাতুন ইসলাম (১১) জখমপ্রাপ্ত হন। তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় আব্দুল হান্নান বাদী হয়ে আব্দুল কাইয়ুম, আব্দুর রহিম, ফরমান আলী ও আব্দুর রবকে আসামী করে বুধবার (১৪ জুলাই) কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাদী আব্দুল হান্নান অভিযোগ করে বলেন- আমাদের পৈত্রিক সম্পত্তি সমানভাবে ভাগাভাগি হওয়ার পরও আমার আপন ভাইয়েরা ২বিঘা জমি জোরপূর্বক দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমার ও আমার মেয়েদের উপর হামলা চালিয়েছে।
তবে অভিযোগের ব্যাপারে বাদীর বড় ভাই আব্দুল কাইয়ুম জানান- এগুলো তাদের পৈত্রিক সম্পত্তি। আব্দুল হান্নান হালচাষ করতে গেলে তাকে বাঁধা দেয়া হয়েছে। কোন মারধর হয়নি।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদ বলেন- ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে সরেজমিন পরিদর্শন করি। এটা তারা ভাইয়ে ভাইয়ে বিরোধ। তবে তাদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির একটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তাধীন আছে।




