সিলেটে মোটরসাইকেল চোর চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :

সিলেটে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জুলাই) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকা থেকে তাদের মোগলাবাজার থানাপুলিশ গ্রেপ্তার করে।
আগে গ্রেপ্তারকৃত ৪ মোটরসাইকেল চোরকে নিয়ে এ অভিযান চালানো হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার এ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান- মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম-এর নেতৃত্বে বৃহস্পতিবার সকল সাড়ে ৮টার দিকে এদকল পুলিশ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত মো. জুনেদ মিয়া (৩০) ও মো. জাকারিয়া আহমদ (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করে।
জুনেদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পশ্চিম তিলক গ্রামের তছর উদ্দিনের ছেলে ও জাকারিয়া বিশ্বনাথের পূর্বদশঘর গ্রামের শফিকুর রহমানের ছেলে। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি চোরাই ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
এর আগে মোগলাবাজার থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকা থেকে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুখ্যাত মোটরসাইকেল চোর মো. কয়েছ আহমদ তালুকদার (৩৪) ও তার সহযোগী ইমরান আহমদকে (২৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ডিসকভার ১৩৫ সিসির একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত কয়েছ মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার শহিদ আলী তালুকদারের ছেলে ও ইমরান একই থানার আলমপুর এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।
গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া তথ্যমতে সিলেট জেলার ওসমানীনগর থানা থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কারী মাসুম মিয়াকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। মাসুম ওই থানার পূর্ব কালনিরচর গ্রামের মো. তকবির আলীর ছেলে।
মাসুম মিয়াকে গ্রেপ্তারের পর তাকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় মাসুম কুখ্যাত চোর মো. কয়েছ আহমদ তালুকদার’সহ অন্যান্য চোরদের নিকট হতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে। পরে মাসুম মিয়ার দেওয়া তথ্যমতে ওসমানীনগর থানাধীন কচপুরাই এলাকা হতে জাহেদ আহমদ সুজন (২৬) নামের আরেক চোরকে গ্রেপ্তার করে পুলিশ। জাহেদ কচপুরাই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ডিসকভার ১২৫ সিসি মডেলের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।




