লকডাউনের প্রথম দিনে সিলেটে ৯২টি গাড়ি আটক, মামলা ও জরিমানা
নগর সংবাদদাতা :

করোনা সংক্রমণ প্রতিরোধে শুক্রবার থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। লকডাউন কার্যকরে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মহানগর পুলিশ।
লকডাউনের প্রথম দিনে শুক্রবার (২৩ জুলাই) ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা, ৯২টি আটক এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
সিলেট মহানগর পুলিশ জানায়- করোনাভাইরাস এর ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন এর কঠোর বিধিনিষেধ মহানগরবাসী কর্তৃক পালনে, স্বাস্থ্যবিধি মেনে চলায় এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন দিবারাত্র ৯৭টি টহল’সহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি করে করছে।
এরই ধারাবাহিকতায় লকডাউনের ১ম দিনে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি ২৮টি, মোটরসাইকেল ৯টি, প্রাইভেট কার ৭টি ও অন্যান্য ২টি’সহ সর্বমোট ৪৬টি মামলা এবং সিএনজি ৩৫টি, মোটরসাইকেল ১৪টি, প্রাইভেট কার ৫টি, অন্যান্য ৩৮টি’সহ মোট ৯২টি যানবাহন আটক করা হয়েছে।
এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।




