সিলেট-৩ আসনের উপ-নির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি
নগর সংবাদদাতা :

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ ও বালঅগঞ্জ) আসনের উপ-নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন- আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য উপ নির্বাচনের সকল কার্যক্রম লকডাউন বহির্ভূত থাকবে।
আজ শনিবার (২৪ জুলাই) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব কথা বলেন সিইসি।
এ সময় তিনি বলেন- স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। এছাড়া সিলেট-৩ আসনে ইভিএমে ভোটগ্রহণ হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিইসি কেএম নুরুল হুদা।
এদিকে, মহামারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সবাইকে মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব মেনে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান সিইসি।
আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম’সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বলেন- সাংবিধানিক দায়িত্ব পালন করতে সবকিছুই করছে কমিশন, এতে কারও কোনো সংশয়ের অবকাশ নেই।




