কুলাউড়ায় অস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজসহ মিলাদ ডাকাত গ্রেপ্তার
কুলাউড়া সংবাদদাতা

কুলাউড়া থানা পুলিশ একটি দেশীয় তৈরী পাইপগান এবং ৬ রাউন্ড কার্তুজ’সহ মঙ্গলবার মিলাদ মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে। বুধবার (২৮ জুলাই) তাকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত মিলাদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার সালন গ্রামের তরিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে।
পুলিশ জানায়- গত ১৬ জুলাই উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের মো. ইকরাম আলীর বাড়িতে ডাকাতির ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় বিভিন্ন সময়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। সবাইকে জেলাহাজতে পাঠানো হয়। অন্য ডাকাতদের দেয়া তথ্যমতে মিলাদকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষন রায় জানান- মিলাদের দেয়া তথ্যমতে ২৭ জুলাই মঙ্গলবার টিলাগাঁও ইউনিয়নের শালন বাঘেরটিকি নামকস্থানে ফুটবল খেলার মাঠের উত্তর পশ্চিম পাশে পরিত্যাক্ত দোকানের পেছনে ঝোপের মধ্য হতে একটি দেশীয় তৈরী পাইপগান এবং ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযানকালে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য’সহ এলাকার লোকজনের উপস্থিতিতে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামী মিলাদ মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় দায়ের করা হয়েছে।




