‘বাংলাদেশ সেনাবাহিনী জনগণের কল্যাণে সবসময় নিবেদিত’
জামালগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের জামালগঞ্জে করোনা পরিস্থিতি পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। গতকাল শুক্রবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বাজার ও বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- লে: কর্ণেল চৌধুরী নাবিদ মঞ্জুর মোর্শেদ, ক্যাপ্টেন মো. ইলিয়াস ফেরদৌস, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, দৈনিক সিলেটের ডাক-এর জামালগঞ্জ প্রতিনিধি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুস সামাদ আফিন্দী’সহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন- করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সকলে সঠিকভাবে কাজ করে যাচ্ছেন। আগের চেয়ে জনগণের মাঝে সচেতনতাও বেড়েছে। তবে করোনা পরিস্থিতির সার্বিক উন্নতির লক্ষে সকলকে নিয়ম কানুন আরো কঠোরভাবে মেনে চলতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী জনগণের কল্যাণে সবসময় নিবেদিতভাবে কাজ করছে ও পাশে থাকবে। তিনি এই করোনা মহামারিকে ভয় না করে জয় করতে সকলকে লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। পরিদর্শন শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।




