লকডাউনের নবম দিনে সিলেটে ১২৯ যানবাহন আটক, মামলা ও জরিমানা
স্টাফ রিপোর্টার

কঠোর লকডাউনের নবম দিনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে সিলেট নগরীতে ১২৯টি যানবাহন আটক ও ৬০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৭১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়- করোনাভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে কাজ করছে। যার অংশ হিসেবে এসএমপির বিভিন্ন স্থানে ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্র এলাকায় ৯৭টি টহল ডিউটি’সহ নিরলসভাবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি করছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় বিধিনিষেধ অমান্য করায় পুলিশের অভিযানে ৩১টি সিএনজিচালিত অটোরিকশা, ২০টি মোটরসাইকেল ও ৯টি অন্যান্য যানবাহনে সর্বমোট ৬০টি মামলা এবং ৬০টি সিএনজিচালিত অটোরিকশা, ২৮টি মোটরসাইকেল, ৪১টি অন্যান্য যানবাহন’সহ মোট ১২৯টি মোটরযান আটক করা হয়।
এদিকে পুলিশি ডিউটির পাশাপাশি লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী ও বিজিবি যৌথ অভিযানের পাশাপাশি জেলা প্রশাসনের ৫টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।




