বৈদেশিক মুদ্রাসহ শাহজালাল বিমানবন্দরে যাত্রীকে আটক
সময় সংগ্রহ

শাহজালাল বিমানবন্দরে সৌদি রিয়ালসহ যাত্রী আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক ব্যক্তির কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের সৌদি রিয়াল পাওয়া যায়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমদ এক সার্কুলারের মাধ্যমে জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- ইস্তানবুলগামী টার্কিশ এয়ারলাইন্স-এর (TK 713) ফ্লাইটে বিদেশি মুদ্রা পাচার হবে।
এমন সংবাদে শাহজালাল বিমানবন্দরে কড়া নজরদারীতে রাখে কাস্টম গোয়েন্দা সদস্যরা। অতঃপর বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে মামুন বেপারী নামে টার্কিশ এয়ারলাইন্সের এক যাত্রীকে সন্দেহ হয়।
পরবর্তীতে উক্ত যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস হলের ব্যাগেজ কাউন্টারে এনে ট্রলিব্যাগ তল্লাশি করে লুকানো অবস্থায় ৫০০ মুদ্রা মানের ৫২৪টি সৌদি রিয়ালের নোট পাওয়া যায়। যা মোট ২ লাখ ৬২ হাজার সৌদি রিয়েল। যার মূল্যমান বাংলাদেশী টাকার পরিমাণে প্রায় ৫৩ লাখ ৭১ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ যাত্রীকে সৌদি রিয়ালের বিষয়ে বৈধতা নিয়ে প্রশ্ন করলে কোন কাগজপত্র দেখাতে পারেননি তিনি। আটককৃত ব্যক্তিকে কাস্টমস অ্যাক্ট (১৯৬৯) অনুযায়ী বিভাগীয় মামলা ও ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বতর্মানে আসামিকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন (১৯৪৭) এর ৮ ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের অনমুতি ছাড়া দেশের বাইরে ৫ হাজার ডলারের বেশি মূল্যমানের কোনো বৈদেশিক মুদ্রা নেওয়া যাবে না।




