ভোলাগঞ্জ দিয়ে আবারো চুনাপাথর আমদানি শুরু
কোম্পানীগঞ্জ সংবাদদাতা

সিলেটের ভোলাগঞ্জে চুনাপাথর আমদানিকারক ও শ্রমিকদের মধ্যে আবার আশার আলো দেখা দিয়েছে। দীর্ঘ ৩ মাস ৪ দিন বন্ধ থাকার পর আবারো স্বাস্থ্যবিধি মেনে ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে চুনাপাথর আমদানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে চুনাপাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। চুনাপাথর আমদানি শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে এসেছে ঝিমিয়ে পড়া ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনে। ফলে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং শ্রমিকদের মুখে হাসি ফুটেছে।
জানা গেছে- ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে প্রতিবছর ভারত থেকে বিপুল পরিমাণ পাথর ও চুনাপাথর আমদানি করা হয়। ভারতে খনি থেকে যান্ত্রিক পদ্ধতিতে ও মাইন বিস্ফোরণ ঘটিয়ে পাথর ও চুনাপাথর উত্তোলন করা হয়। এসব পাথর ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে আসে।
মহামারী করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায়; গেল ১ মে থেকে সম্পূর্ণভাবে ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন দিয়ে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ হয়ে পড়ে। বিপাকে পড়েন ভোলাগঞ্জ স্থল বন্দরের শতাধিক আমদানিকারক ও সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক পরিবার। অন্যদিকে রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।
ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু বলেন- করোনা সংক্রমণ রোধে চুনাপাথর আমদানি বন্ধ থাকায় শ্রমজীবী লোকজনের পাশাপাশি বিপাকে পড়েন আমদানিকারকরাও। আজ থেকে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় আবারও বন্দরে প্রাণ ফিরেছে। প্রথম দিনই দুপুর ২টা পর্যন্ত ১৭ ট্রাক চুনাপাথর আমদানি হয়েছে। আরও ১০ ট্রাক চুনাপাথর আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন বলেন- চুনাপাথর আমদানি শুরু হওয়ায় ভোলাগঞ্জ স্থলবন্দরের স্থবিরতার অবসান ঘটেছে। ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরেছে এসেছে। হাসি ফুটেছে শ্রমিকদের মুখে।
ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুর রউফ জানান- ভোলাগঞ্জ স্থল শুল্ক বন্দর দিয়ে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে এই বন্দর দিয়ে আবারো চুনাপাথর আমদানি শুরু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে প্রশাসনের উদ্যোগে এবং ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় পণ্য নিয়ে আসা ভারতীয় প্রত্যেকটি পরিবহন স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়েছে।




