কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে শ্মশান ভূমি পরিস্কার : রাস্তা পুননির্মাণের দাবী
কমলগঞ্জ সংবাদদাতা

নির্মল এস পলাশ, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে : স্বেচ্ছাশ্রমে শ্মশান ভূমি পরিস্কার-পরিচ্ছন্ন করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের গকুলসিংহের গাঁও গ্রামবাসীরা। শুক্রবার (৬ আগষ্ট) সকাল ১০ টায় গকুলসিংহের গাঁওয়ের শ্মশান ঘাট উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আহব্বানে গ্রামের যুবকদের সাথে বয়স্করাও পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন।
জানা গেছে- উপজেলার ভানুগাছ-পাত্রখোলা সড়কের এবং বাঘবাড়ি গ্রামের পশ্চিমে জবলাছড়ার তীর ঘেঁষে মাধবপুর মৌজার প্রায় ৫৬ শতক জায়গায় শ্মশান ভূমি হিসাবে গ্রামের মৃতদেহ সৎকার করে আসছেন। দীর্ঘদিন থেকে ঝোপঝাড় আচ্ছন্ন থাকায় গ্রামবাসী সকলে মিলে শুক্রবার সকালে তা পরিচ্ছন্ন করে বৃক্ষ রোপন করেন।
শ্মশান ঘাট উন্নয়ন কমিটির সভাপতি কমলা বাবু সিংহ’র সাথে আলাপকালে তিনি বলেন- ভানুগাছ-পাত্রখোলা সড়ক থেকে শ্মশান ঘাটে যাতায়াতের রাস্তা এক সময় অনেক বড় ছিল। রাস্তার পাশের ধানী জমির মালিকেরা কেটে কেটে দখল করায় যাতায়াতের এই রাস্তাটি এখন একেবারে সরু হয়ে গেছে। যা দিয়ে মৃতদেহ নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সাধারণ সম্পাদক উত্তম কুমার সিংহ বলেন- শ্মশানে ঘাটে যাবার রাস্তা একেবারে ছোট ও কাদামাক্ত হয়ে যাওয়ায় বর্ষাকালে গ্রামের মৃতদেহ সৎকার করতে নিয়ে যেতে পারি না। এক সময় পার্শবর্তী কয়েকটি গ্রামের লোকজনও এই শ্মশান ভূমি ব্যবহার করতেন। রাস্তা দখল ও দু’পাশে ধানী জমি থাকায় বর্ষায় কাদা-জলে ডুবে থাকে।
স্থানীয়রা সরকারের কাছে জোর দাবী জানিয়ে বলেন- গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দখলমুক্ত ও পুণনির্মাণ করে যাতায়াতের উপযোগী করলে কয়েকটি গ্রামের লোকজন শ্মশান ঘাট ব্যবহার’সহ নানা ভাবে উপকৃত হবেন।




