দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান’সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ১
দোয়ারাবাজার সংবাদদাতা

সুনামগঞ্জ দোয়ারাবাজারে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগ নেতা, সাবেক তিনবারের চেয়ারম্যান আব্দুল খালিকের ছেলের বাসায় হামলা, ভাঙচুর ও তিনজন আহতের ঘটনায় স্থানীয় সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারীকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
গত বুধবার রাতে অভিযান চালিয়ে মামলার ৬ নম্বর আসামি ছাদিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ছাদিকুল ইসলাম সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন- পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে বুধবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী অনুসারীরা উপজেলা আওয়ামীলীগ নেতার ছেলের আবুল মিয়ার বাসায় হামলা ও ভাঙচুর করে। এতে উপজেলা আওয়ামীলীগ নেতার ছেলে আবুল মিয়া’সহ তিনজন আহত হন। আহতরা দোয়ারাবাজার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে- আধিপত্য বিস্তার নিয়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী এবং উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক তিনবারের চেয়ারম্যান আব্দুল খালিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাদের এমন বিরোধে ইতোপূর্বে বহুবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জের ধরে গত বুধবার রাতে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারীর অনুসারীরা উপজেলা আওয়ামীলীগ নেতার ছেলে আবুল মিয়ার বাসায় হামলা ও ভাঙচুর করেন।
এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগ নেতার ছেলে আবুল মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান’সহ ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।




