নাটোরে পাট উৎপাদন খরচের দ্বিগুণ দাম পাচ্ছেন কৃষকরা
সময় সংগ্রহ

নাটোরে পাটের উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ দাম পাচ্ছেন কৃষকরা। এতে খুশি তারা। তবে বেসরকারি পাটকলগুলোতে সারা বছর পর্যাপ্ত চাহিদা থাকায় সিন্ডিকেট ব্যাবসায়ীরা আগেভাগেই পাটের মজুদ করছে। এতে পাটের বাজার অস্থির হওয়ার শঙ্কা রয়েছে।চলতি মৌসুমের উৎপাদিত পাটে সয়লাব নাটোরের বাজার। ক্রেতা-বিক্রেতার আনাগোনায় জমজমাট বেচাকেনা।
গতবছর মৌসুমের শুরুতে ব্যবসায়ীরা পাট ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়। আর এবার প্রতিমণ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার ১০০ টাকায়। প্রতি বিঘায় ১০ থেকে ১৪ হাজার টাকা খরচে পাট উৎপাদিত হয়েছে ৮ থেকে ৯ মণ। এতে বর্তমান বাজার দর অনুযায়ী প্রায় দ্বিগুণ দাম পাচ্ছেন চাষিরা।
এক চাষি বলেন- গত দুই বছরের তুলনায় এ বছর আমরা পাটের দাম ভালো পাচ্ছি। এ বছর প্রতি মণ পাটের দাম ৩ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা স্বাবলম্বী হতে পারব এবং পাট চাষে আরও আগ্রহী হব।
চলতি বছর বেসরকারি পাটকলগুলো প্রতিমণ পাটের দাম ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে। তবে সিন্ডিকেট ব্যবসায়ীরা পাট মজুদ করায় বাজার অস্থির হবার শঙ্কায় রয়েছেন পাটকলের প্রতিনিধিরা।
কৃষি বিভাগের তথ্যমতে, গতবছর নাটোর জেলায় ২৪ হাজার ৪৬০ হেক্টর জমিতে ৫৮ হাজার ৮৫৬ মেট্রিক টন পাট উৎপাদন হয়। আর চলতিবছর ৩০ হাজার ২শ’ ৩০ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭৪ হাজার মেট্রিকটন।




