কমলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হীড বাংলাদেশ-এর সুরক্ষা সামগ্রী প্রদান
কমলগঞ্জ সংবাদদাতা

নির্মল এস পলাশ, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা দূর্যোগে হীড বাংলাদেশ কর্তৃক ১টি অক্সিজেন কনসেন্ট্রেটর, ৫০টি মাস্ক ও ৫০টি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) বিকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর আলম ভূঁইয়ার নিকট আনুষ্ঠানিকভাবে হীড বাংলাদেশ-এর পক্ষে ডাইরেক্টর অপারেশন ডা. সুবীর খিয়াং বাবু প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ-এর অপারেশন ম্যানেজার উজ্জ্বল বৈদ্য, শারমিন সুলতানা লাবণ্য, প্রকল্প পরিচালক মনুরু যাকব, এলাকা ব্যবস্থাপক তপন সাহা, লিয়াজু অফিসার নুরে আলম সিদ্দিকী ও ডেপুটি ম্যানেজার প্যাপিলন বিশ্বাস প্রমুখ।
পরে কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান-এর নিকট ৩০টি হ্যান্ড স্যানিটাইজার ও ৩০টি মাক্স প্রদান করা হয়।
এ সময় অধ্যাপক রফিকুর রহমান বলেন- হীড বাংলাদেশ সেবামূলক একটি এনজিও সংস্থা। ইতিমধ্যে হীড বাংলাদেশ করোনা কালীন সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে, যা প্রশংসার দাবীদার।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর আলম বলেন- হীড বাংলাদেশ একটি সুনামধন্য এনজিও সংস্থা। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে। বিশেষ করে যক্ষ্মা, কুষ্ঠ ও করোনা রোগীদের জন্য কাজ করছে। আমাদের হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর ছিল না। হীড বাংলাদেশ এটি দিয়ে সেবার কাজটা আরও তরান্বিত করেছে। এজন্য হীড বাংলাদেশ-কে হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
হীড বাংলাদেশ-এর ডাইরেক্টর অপারেশন ডা. সুবীর খিয়াং বাবু বলেন- হীড বাংলাদেশ সব সময় সেবার কাজে অগ্রগামী। হীড বাংলাদেশ জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হীড বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক অক্সিজেন কনসেন্ট্রেটর দেশের বিভিন্ন জায়গায় প্রদান করছেন। তারই অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি প্রদান করা হয়। পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার প্রদান করা হয়েছে।




