তিন বছর পালিয়ে থেকেও হলো না শেষ রক্ষা
সময় সিলেট ডেস্ক

নোয়াখালীর চাটখিলে অঞ্জলি রানী ঘোষকে (৪২) হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক দু’আসামিকে তিন বছর পর গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (৭ আগস্ট) দিবাগত রাতে সিআইডি’র একটি বিশেষ দল কুমিল্লা জেলার লালমাই থানাধীন বাগমারা সৈয়দপুর গ্রামের রফিক মিয়ার বাড়িতে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করের্।
গ্রেপ্তারকৃতরা হলো- চাটখিল উপজেলার ছয়ানী টবগা গ্রামের মৃত গিরেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে হারাধন চন্দ্র ঘোষ (৪৭) ও হারাধন চন্দ্র ঘোষের ছেলে সাগর চন্দ্র ঘোষ (৪০)। তারা কুমিল্লার রফিক মিয়ার বাড়িতে আত্মগোপন করে ছিলেন।
সিআইডি জানায়- (২০১৮ সালের ২৫ এপ্রিল ) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের প্রতিবেশী যতীন্দ্র ঘোষের বাড়িতে অঞ্জলি রানী ঘোষ নামে এক নারী পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন অঞ্জলির বাবা নারায়ন চন্দ্র ঘোষ (৫০)।
পরে চাটখিল থানার পুলিশের দেওয়া মামলার তদন্ত বিষয়ে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য নোয়াখালীর সিআইডি’র কাছে হস্তান্তর করে। পরে সিআইডি তাদেরকে গ্রেপ্তার করে। আসামিরা গ্রেপ্তার এড়াতে গত তিন বছর পলাতক ছিল বলে জানিয়েছে সিআইডি।
নোয়াখালী জেলা সিআইডি’র পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন- আসামিরা অঞ্জলি রানী ঘোষের হত্যাকাণ্ডে জড়িত রয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। তাদেরকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।




